...|...|...

জাতীয়

ডায়াবেটিস থেকে বাঁচতে সচেতনতা ও নিয়মিত রক্ত পরীক্ষার আহ্বান রাষ্ট্রপতির

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, সকাল ১০:১২ | আপডেট: ১৪ নভেম্বর ২০২৬, দুপুর ১:৩১
Shares
ডায়াবেটিস থেকে বাঁচতে সচেতনতা ও নিয়মিত রক্ত পরীক্ষার আহ্বান রাষ্ট্রপতির

ছবি: সংগৃহীত

ডায়াবেটিসের ঝুঁকি ও ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি নিয়মিত রক্ত পরীক্ষা করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সম্মিলিত প্রচেষ্টায় একটি সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলতে হবে।

শনিবার (১৪ নভেম্বর) ‘বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬’ উপলক্ষে শুক্রবার (১৩ নভেম্বর) দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।

বাণীতে রাষ্ট্রপতি বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে বিশ্ব ডায়াবেটিস দিবস পালনের উদ্যোগকে স্বাগত জানান। এ বছরের দিবসটির প্রতিপাদ্য ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’ যথার্থ বলেও উল্লেখ করেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, পরিবার, কর্মস্থল ও সমাজের প্রতিটি স্তরে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বাড়াতে সবাইকে ভূমিকা রাখতে হবে। ডায়াবেটিস দীর্ঘমেয়াদি রোগ, যা সারাজীবন নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন। রোগটি নিয়ন্ত্রণে না থাকলে হার্ট অ্যাটাকসহ বিভিন্ন হৃদরোগ, স্ট্রোক, কিডনির জটিলতা, অন্ধত্ব এবং স্নায়ু ও রক্তনালির ক্ষতির কারণে সংক্রমণ ও অঙ্গচ্ছেদের মতো গুরুতর সমস্যা দেখা দিতে পারে।

তবে যথাযথভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারলে স্বাভাবিক, সুস্থ ও কর্মক্ষম জীবনযাপন সম্ভব বলে জানান তিনি। এ জন্য রোগটির ঝুঁকি সম্পর্কে জানা এবং নিজেকে সুরক্ষিত রাখতে সময়মতো প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেন রাষ্ট্রপতি।

তিনি আরও বলেন, নগরায়নের ফলে মানুষের জীবনযাপন ও খাদ্যাভ্যাসে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। পাশাপাশি শারীরিক পরিশ্রম কমে যাওয়ায় দেশে ডায়াবেটিসের প্রকোপ ক্রমেই বাড়ছে।

ডায়াবেটিস রোগীদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির পাশাপাশি গণমাধ্যম, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান রাষ্ট্রপতি।

বাণীর শেষাংশে ‘বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬’ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সফলতা কামনা করেন তিনি।