বাংলাদেশসহ ১৬টি বড় বাণিজ্য অংশীদারের ওপর নতুন করে শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এসব দেশের শিল্প খাতে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা ও সরকারি সহায়তার অভিযোগে কয়েক মাস ধরে চলা তদন্তের ফল শিগগিরই প্রকাশ করতে যাচ্ছে মার্কিন বাণিজ্য প্রতিনিধি কার্যালয় (ইউএসটিআর)।
বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, মঙ্গলবার বিকেলেই তদন্তের ফল প্রকাশ হতে পারে। এরপর সংশ্লিষ্ট দেশগুলোর বিভিন্ন পণ্যের ওপর নতুন আমদানি শুল্ক আরোপের প্রস্তাব আসতে পারে।
ইউএসটিআরের সম্ভাব্য শুল্ক ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আগে থেকেই কার্যকর থাকা শুল্কের ওপর যুক্ত হতে পারে। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের আগের দফার বেশ কিছু শুল্ক বাতিল করে দেয়। নতুন উদ্যোগের মাধ্যমে সেই শুল্কগুলোর একটি অংশ ভিন্ন আইনি কাঠামোয় ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
তবে নতুন শুল্কের হার কত হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।
দেশভেদে আলাদা হতে পারে শুল্ক
একটি সূত্র জানিয়েছে, প্রতিটি দেশের জন্য আলাদা শুল্কহার নির্ধারণ করা হতে পারে। মেক্সিকো ও নরওয়ের পণ্যের ওপর তাৎক্ষণিকভাবে নতুন শুল্ক আরোপের সম্ভাবনা তুলনামূলক কম।
১৯৭৪ সালের মার্কিন বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় এই তদন্ত চালিয়েছে ইউএসটিআর। তদন্তে যুক্তরাষ্ট্রের বড় বাণিজ্য অংশীদারদের অতিরিক্ত শিল্প সক্ষমতা এবং এর ফলে মার্কিন উৎপাদকদের ওপর সম্ভাব্য প্রভাব পর্যালোচনা করা হয়েছে।
ইউরোপীয় ইউনিয়ন, জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে চূড়ান্ত হওয়া বাণিজ্য চুক্তির আওতায় ১৫ শতাংশ শুল্কসীমা বহাল থাকতে পারে। মালয়েশিয়ার ক্ষেত্রে এই সীমা ১৯ শতাংশ হতে পারে।
এ ছাড়া ১০ জানুয়ারি পর্যন্ত কার্যকর যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য বিরতি বাড়ানো হলে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে চীনা পণ্যের ওপর ২০ শতাংশ শুল্কসীমা বজায় থাকার সম্ভাবনা রয়েছে। বিরতির মেয়াদ শেষ হলে অতিরিক্ত উৎপাদন সক্ষমতার অভিযোগে চীনা পণ্যের ওপর শুল্ক আরও বাড়তে পারে।
১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের সম্ভাবনা
প্রস্তাবিত ঘোষণা নিয়ে রয়টার্সের প্রশ্নের জবাব দেয়নি হোয়াইট হাউস বা ইউএসটিআর।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা রায়ান মাজেরাসের ধারণা, তদন্তের ফল হবে বিস্তারিত এবং ১৬টি বাণিজ্য অংশীদারের জন্য আলাদা প্রতিকারমূলক শুল্কের প্রস্তাব থাকতে পারে।
কিং অ্যান্ড স্প্যালডিংয়ের এই অংশীদারের মতে, যেসব দেশের বিভিন্ন শিল্প খাতে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা রয়েছে, তাদের পণ্যের ওপর ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত নতুন শুল্ক প্রস্তাব করা হতে পারে।
জোরপূর্বক শ্রমবিরোধী আইন দুর্বলভাবে প্রয়োগের অভিযোগে আলাদা তদন্তের ভিত্তিতে আগে থেকেই কার্যকর থাকা ১০ থেকে ১২ দশমিক ৫ শতাংশ শুল্কের ওপর এই নতুন হার যোগ হতে পারে।
তবে প্রশাসন তুলনামূলক কম শুল্ক নির্ধারণ করে এমন শর্তও দিতে পারে, যাতে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা কমানোর পদক্ষেপ না নিলে সময়ের সঙ্গে শুল্ক বাড়তে থাকে।
তালিকায় বাংলাদেশসহ ১৬ অর্থনীতি
তদন্তের আওতায় থাকা অর্থনীতিগুলো হলো—চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, ভিয়েতনাম, তাইওয়ান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, সিঙ্গাপুর, বাংলাদেশ, কম্বোডিয়া ও ইউরোপীয় ইউনিয়ন।
এর আগে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল, চলতি সপ্তাহেই তদন্তের ফল প্রকাশ করা হতে পারে।
গত মার্চে অতিরিক্ত শিল্প সক্ষমতা নিয়ে তদন্ত শুরু করে ইউএসটিআর। একই সময়ে ৫৯টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নে জোরপূর্বক শ্রমবিরোধী আইন দুর্বলভাবে প্রয়োগ করা হচ্ছে কি না, তা নিয়েও পৃথক তদন্ত শুরু হয়।
দুই তদন্তের ফল মিলিয়েই সুপ্রিম কোর্টে বাতিল হওয়া ট্রাম্পের বৈশ্বিক ‘লিবারেশন ডে’ শুল্কগুলোর বিকল্প কাঠামো তৈরির চেষ্টা করছে প্রশাসন।
চীনকে প্রধান লক্ষ্য হিসেবে দেখছে ওয়াশিংটন
ট্রাম্প প্রশাসনের মতে, অতিরিক্ত শিল্প সক্ষমতার সবচেয়ে বড় উৎস চীন। যুক্তরাষ্ট্রের অভিযোগ, চীনের অতিরিক্ত উৎপাদনের কারণে বিশ্ববাজারে ইস্পাত, অ্যালুমিনিয়াম, বৈদ্যুতিক গাড়ি, গৃহস্থালি সামগ্রী ও সৌরপণ্যের সরবরাহ বেড়ে গেছে।
তবে বেইজিং এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে। চীনের দাবি, তাদের রপ্তানির শক্ত অবস্থান অতিরিক্ত সক্ষমতার কারণে নয়, বরং প্রতিযোগিতামূলক দক্ষতার ফল।
এই তদন্তে ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও কম্বোডিয়ায় চীনা বিনিয়োগের বিষয়টিও গুরুত্ব পেয়েছে। ওয়াশিংটনের অভিযোগ, এসব দেশে কারখানা স্থাপন করে মার্কিন বাজারের জন্য পণ্য উৎপাদনের মাধ্যমে চীন আগের শুল্ক এড়িয়ে যাওয়ার সুযোগ নিচ্ছে।
যুক্তরাষ্ট্র-চীন বর্তমান বাণিজ্য বিরতির আওতায় ট্রাম্পের প্রথম মেয়াদের প্রায় ২৫ শতাংশ শুল্কের পাশাপাশি দ্বিতীয় মেয়াদে আরোপিত শুল্ক সর্বোচ্চ ২০ শতাংশে সীমাবদ্ধ রয়েছে।
যুক্তরাষ্ট্র ইতিমধ্যে সব চীনা আমদানির ওপর ১২ দশমিক ৫ শতাংশ শ্রমবিরোধী শুল্ক আরোপ করেছে। ফলে ২০ শতাংশের বর্তমান সীমায় পৌঁছাতে আরও ৭ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপের সুযোগ রয়েছে।
এ ছাড়া দুই দেশ প্রায় ৩০ বিলিয়ন ডলারের অ-কৌশলগত পণ্যের ওপর পারস্পরিক শুল্ক কমানোর বিষয়েও আলোচনা করছে।
এদিকে ট্রাম্প প্রশাসনের শুল্কনীতির কারণে যুক্তরাষ্ট্রে ভোগ্যপণ্যের দাম কিছুটা বেড়েছে। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর রয়টার্স/ইপসোসের এক জরিপে দেখা গেছে, ৬২ শতাংশ উত্তরদাতা শুল্ক বাতিলের উদ্যোগকে সমর্থন করবেন।


