টাঙ্গাইলের নাগরপুরে বিদ্যালয়ের টিউবওয়েলের পানি পান করে অন্তত ৪০ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে মামুদ নগর উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। এ ঘটনায় শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান জানান, সকাল সোয়া ১০ টার পর যখন শিক্ষার্থীরা ক্লাসে যাচ্ছিল। ঠিক ওই সময়ে অনেকেই বমি করতে থাকে। পরে ৪০ জনের মতো শিক্ষার্থীকে নাগরপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এরমধ্যে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এরমধ্যে মেয়ে শিক্ষার্থীর সংখ্যা বেশি।
তিনি আরও জানান, টিউবওয়েলের পাশ থেকে পলিথিনে ভরা সাদা পেস্টের মতো ক্রিম উদ্ধার করা হয়েছে। আমার ব্যক্তিগত ধারণা এই পেস্ট টিউবওয়েলের পানির মধ্যে মেশানোর কারণে বিষক্রিয়া হয়েছে।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহুরুল ইসলাম বলেন, ‘আমরা স্কুল পরিদর্শন করেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
নাগরপুর স্বাস্থ্যকমপ্লেক্সে কর্মরত চিকিৎসক জানিয়েছেন, হাসপাতালে ভর্তি হওয়া সবাই এখন কিছুটা সুস্থ রয়েছে। দুই জনকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

