ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া খেলার সরঞ্জাম, কম্পিউটার ও মোবাইল ফোনসহ বাবা-ছেলেকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক ব্যক্তিরা হলেন ফাতিউল আলম (৫৬) ও তার বড় ছেলে আকাশ আলী (২৬)। এ ঘটনায় ফাতিউল আলমের ছোট ছেলে পলাশ হোসেন পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার পদ্মপুকুর পশ্চিমপাড়া গ্রামে ফাতিউল আলমের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৩টার দিকে ঝিনাইদহ জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। আটক দুজনকে মহেশপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানানো হয়েছে।
ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি শরিফুল ইসলাম জানান, মহেশপুর উপজেলার পদ্মপুকুর গ্রামের একটি বাড়িতে বসে দেশি-বিদেশি বিভিন্ন মাধ্যমে অনলাইন জুয়া খেলা হচ্ছে বলে তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ২টার দিকে ফাতিউল আলমের বাড়িতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ।
তিনি জানান, অভিযানের সময় জুয়া খেলা অবস্থায় ফাতিউল আলম ও তার বড় ছেলে আকাশ আলীকে আটক করা হয়। এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ফাতিউল আলমের ছোট ছেলে পলাশ হোসেন পালিয়ে যান। পরে বাড়ির একটি ঘর থেকে কম্পিউটার, মোবাইল ফোনসহ অনলাইন জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
ডিবির ওসি শরিফুল ইসলাম বলেন, আটকদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। মামলা দায়ের শেষে মহেশপুর থানার মাধ্যমে আটকদের আদালতে সোপর্দ করা হবে।


