...|...|...

রাজনীতি

জুলাই বিপ্লবের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের লক্ষ্যবস্তু করা হচ্ছে: জামায়াত

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, রাত ১০:১৩
Shares
জুলাই বিপ্লবের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের লক্ষ্যবস্তু করা হচ্ছে: জামায়াত

ছবি: সংগৃহীত

জুলাই বিপ্লবের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) পরিবেশ ও স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি।

বাংলাদেশ জামায়াতে ইসলামী বলছে, পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীরা নাগরিকদের জানমালের ওপর হামলা, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে। বিশেষ করে ২০২৪ সালের জুলাই বিপ্লবের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের লক্ষ্যবস্তু করা হচ্ছে।

সোমবার (২৩ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এসব দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীরা নাগরিকদের জানমালের ওপর হামলা, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে। বিশেষ করে ২০২৪ সালের জুলাই বিপ্লবের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের লক্ষ্যবস্তু করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সোমবার ভোররাতে সন্ত্রাসী গোষ্ঠী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) পরিবেশ ও স্বাস্থ্যবিষয়ক সম্পাদক, তামিরুল মিল্লাত কামিল মাদরাসার সাবেক ভিপি এবং জুলাই আন্দোলনে আহত আব্দুল্লাহ আল মিনহাজের ময়মনসিংহের গফরগাঁওয়ে গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ করে।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, অতীতে কোনো সন্ত্রাসী গোষ্ঠী সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নাগরিকদের জীবন ও সম্পদ ধ্বংস করে সমাজের মূল ধারায় টিকে থাকতে পারেনি। পতিত স্বৈরাচার এমন কর্মকাণ্ডের মাধ্যমে ফিরে আসার যে চেষ্টা করছে, তা সফল হবে না। দেশে কোনো সন্ত্রাসী গোষ্ঠীর ঠাঁই হবে না এবং জনগণ তাদের গ্রহণ করবে না।

বিবৃতিতে অ্যাডভোকেট জুবায়ের আরও বলেন, বিএনপি সরকার জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়ন না করায় দেশে সন্ত্রাসী গোষ্ঠীগুলো এমন কর্মকাণ্ডের সুযোগ পাচ্ছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটছে। এ দায় স্বরাষ্ট্রমন্ত্রীসহ আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সংশ্লিষ্ট ব্যক্তিরা এড়াতে পারেন না।

তিনি অবিলম্বে আব্দুল্লাহ আল মিনহাজের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগসহ অন্যান্য সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার এবং কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি দেশের সব নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।