...|...|...

রাজনীতি

জি এম কাদেরের বাসায় হামলার অভিযোগ

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, দুপুর ১২:৪১ | আপডেট: ১২ অক্টোবর ২০২৬, বিকেল ৪:২৪
Shares
জি এম কাদেরের বাসায় হামলার অভিযোগ

ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের উত্তরার বাসভবনে হামলার অভিযোগ উঠেছে। সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে একদল লোক তার বাসভবনে হামলা চালায় বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যানের বার্তা সম্পাদক শৌর্য দীপ্ত সূর্য।

সোমবার বেলা ১১টা ৪৯ মিনিটে পাঠানো এক বার্তায় শৌর্য দীপ্ত সূর্য এ তথ্য জানান। তিনি বলেন, এ ঘটনায় জাতীয় পার্টি উদ্বিগ্ন। হামলার পর দলের পরবর্তী করণীয় জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।

শৌর্য দীপ্ত সূর্য বলেন, রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরে বেশ কয়েকজন এসে হামলা চালান। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে এবং পুলিশ ঘটনাস্থলে এসেছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, ‘বৈষম্যবিরোধী সাধারণ জনগণ’ ব্যানার নিয়ে একদল লোক জি এম কাদেরের বাসভবনের সামনে স্লোগান দিচ্ছেন এবং ইট নিক্ষেপ করছেন বলে অভিযোগ উঠেছে। তাঁদের ব্যানারে জি এম কাদেরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে তাঁর গ্রেপ্তারের দাবি জানানো হয়।

তবে হামলার ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে পুলিশের বক্তব্যও পাওয়া যায়নি।