...|...|...

ক্যাম্পাস

জগন্নাথ হল ট্র্যাজেডি: আজ বন্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, সকাল ৮:৪১
Shares
জগন্নাথ হল ট্র্যাজেডি: আজ বন্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়

ছবি: সংগৃহীত

১৯৮৫ সালের ১৫ অক্টোবর রাতে তুমুল বৃষ্টির মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের ছাদ ধসে ৪০ জন মারা যান। এদের মধ্যে ২৬ জন ছিলেন শিক্ষার্থী এবং ১৪ জন অতিথি ও কর্মচারী। নিহতদের স্মরণে প্রতিবছরের মতো এবারও দিনটিতে বিশ্ববিদ্যালয় শোক দিবস পালন করবে। দিবসটি উপলক্ষে আজ (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।

গত ৬ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।

দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। কর্মসূচির শুরুতে সকাল ৬টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান ভবন, সব হল ও হোস্টেলে কালো পতাকা উত্তোলন করা হয়েছে। একই সময়ে বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত রাখা হয়েছে এবং শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা কালো ব্যাজ ধারণ করছেন।

সকাল সাড়ে ৭টায় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শোক র‌্যালি বের হয়। র‌্যালিটি জগন্নাথ হল স্মৃতিসৌধে গিয়ে শেষ হয়। সেখানে নিহতদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও নীরবতা পালন করা হয়েছে।

সকাল ৮টায় অক্টোবর স্মৃতি ভবনের টিভি কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত জগন্নাথ হল প্রাঙ্গণে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে।

এছাড়া আসরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসহ সব হল মসজিদে নিহতদের আত্মার শান্তি কামনায় মোনাজাত করা হবে।

হল প্রশাসনের ব্যবস্থাপনায় সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জগন্নাথ হল প্রাঙ্গণে নিহতদের তৈলচিত্র ও তাদের সম্পর্কিত বিভিন্ন তথ্য-উপাত্ত প্রদর্শন করা হবে।