গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর উড়াল সেতুর ওপর অজ্ঞাত গাড়ির চাপায় নারী ও শিশুসহ মোটরসাইকেলের একই পরিবারের তিন আরোহী নিহত হয়েছেন।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন নাওজোড় হাইওয়ে থানার ওসি মোরশেদ।
গাজীপুর রিজিয়নের নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মঞ্জুর মোরশেদ জানান, দুপুর আড়াইটার দিকে তারা খবর পান ফ্লাইওভারে একটি দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে গিয়ে দেখতে পান মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে একটি শিশু ও স্বামী-স্ত্রীর লাশ পড়ে আছে। তবে কীভাবে দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি। পুলিশের প্রাথমিক তদন্তে কোনো প্রত্যক্ষদর্শীও পাওয়া যায়নি। ফ্লাইওভারে কোনো সিসি ক্যামেরাও নেই।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। আমরা বিভিন্ন স্থানে তদন্ত করছি। মোটরসাইকেলটি কিসের সাথে সংঘর্ষ হয়েছে তা জানতে আমাদের পুলিশ সদস্যরা কাজ করছে। আমরা ধারণা করছি অজ্ঞাত গাড়ির ধাক্কায় এ দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি, তবে নিহতরা একই পরিবারের হতে পারে।


