মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) টাঙ্গানিকা হ্রদে একটি নৌকা ডুবে অন্তত ৪১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪৯ জনকে উদ্ধার করা হয়েছে। তানজানিয়ার কিগোমা বন্দর থেকে কঙ্গোর কালেমি শহরে যাওয়ার পথে মাপেরা গ্রামের কাছে নৌকাটি ডুবে যায়।
সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ডিআরসির টাঙ্গানিকা প্রদেশের পরিবহনমন্ত্রী নরিস মুলঙ্গোয়ি অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জানিয়েছেন, প্রায় ১০০ যাত্রী ও পণ্যবোঝাই ওই নৌকাটিতে থাকা অন্য যাত্রীদের খুঁজে বের করতে উদ্ধার অভিযান চলছে। নৌকাটিতে প্রায় ১০০ জন যাত্রী ও পণ্য ছিল বলে জানা গেছে। কঙ্গোর মাপেরা গ্রামের কাছে এটি ডুবে যায়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নৌকাটি তানজানিয়ার কিগোমা বন্দর থেকে ডিআরসির কালেমি শহরের উদ্দেশে যাচ্ছিল। পথে নৌকাটি ডুবে যায়। উদ্ধার হওয়া যাত্রীদের একজন অ্যানি মোয়োনি জাতিসংঘ-সমর্থিত কঙ্গোর সম্প্রচারমাধ্যম রেডিও ওকাপিকে জানান, রাত প্রায় ১টার দিকে যাত্রীদের ঘুম ভাঙে। তখন তারা দেখতে পান, নৌকাটি একদিকে কাত হয়ে গেছে।
নৌকাটি কেন ডুবে গেল, তা এখনো স্পষ্ট নয়। তবে এপির তথ্য অনুযায়ী, সাম্প্রতিক বছরগুলোতে ডিআরসিতে নৌকাডুবির ঘটনায় শত শত মানুষ প্রাণ হারিয়েছেন। দেশটির নৌযানগুলো প্রায়ই অতিরিক্ত যাত্রী ও পণ্য বহন করে এবং অনেক নৌযানে পর্যাপ্ত লাইফ জ্যাকেটও থাকে না।

