...|...|...

বিশ্ব

এবার ট্রাম্পের সফরে সিএনএনকে নিষিদ্ধ করল হোয়াইট হাউস

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:২৩
Shares
এবার ট্রাম্পের সফরে সিএনএনকে নিষিদ্ধ করল হোয়াইট হাউস

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মূলধারার গণমাধ্যমের মধ্যকার ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই এবার এয়ার ফোর্স ওয়ান বিমানে করে প্রেসিডেন্টকে কাভার করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সংবাদমাধ্যম সিএনএনের ওপর। সিএনএনের পরিবর্তে রক্ষণশীল সংবাদমাধ্যম ‘রিয়েল আমেরিকা’স ভয়েস নিউজ’-কে বিমানে স্থান দেওয়া হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) হোয়াইট হাউসের প্রেস গাইডেন্স অনুযায়ী, প্রেসিডেন্ট ট্রাম্পের টেনেসি অঙ্গরাজ্যের নক্সভিলে একটি কলেজ ফুটবল ম্যাচ পরিদর্শনের সফরকে কেন্দ্র করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে, গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প সিএনএন, এমএস নাও এবং পলিটিকো-কে হোয়াইট হাউস চত্বরে প্রবেশ নিষিদ্ধ করেন।

আল জাজিরার বরাতে জানা যায়, সাধারণত হোয়াইট হাউসের প্রেস পুলে পাঁচটি প্রধান সম্প্রচার সংবাদমাধ্যম থাকে, যারা পর্যায়ক্রমে ভিডিও ধারণ ও বিতরণের কাজ করে থাকে। তবে সিএনএনের প্রতি সংহতি প্রকাশ করে অন্য চারটি সংবাদমাধ্যম—ফক্স, এবিসি, সিবিএস এবং এনবিসি—নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত প্রেস পুলের কার্যক্রমে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয়।

এর আগে, হোয়াইট হাউসের নিষেধাজ্ঞার জবাবে ওই তিনটি সংবাদমাধ্যম আদালতের শরণাপন্ন হয় এবং হোয়াইট হাউস তাদের প্রথম সংশোধনী বা বাকস্বাধীনতার অধিকার লঙ্ঘন করেছে বলে মামলা দায়ের করে।

গত বৃহস্পতিবার ভোরে দেওয়া এক রুলিংয়ে মার্কিন জেলা জজ টিমোথি কেলি এই নিষেধাজ্ঞা সাময়িকভাবে বাতিল ঘোষণা করেন। বিচারক বলেন, সংবাদমাধ্যমগুলোকে নিষিদ্ধ করার পেছনে জাতীয় নিরাপত্তা রক্ষা করার যে যুক্তি সরকার দিয়েছে, তার পক্ষে কোনো বাস্তবসম্মত সমর্থন বা ভিত্তি নেই।

বিচারক কেলি বলেন, বিবাদীরা এমন কোনো ঘোষণা বা প্রমাণ (শ্রেণীবদ্ধ বা অশ্রেণীবদ্ধ) উপস্থাপন করতে পারেননি যা দিয়ে এটি ব্যাখ্যা করা যায় যে, বাদীদের চিঠিতে উল্লেখিত কোনো সংবাদ পরিবেশন দেশের জাতীয় নিরাপত্তাকে কীভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

তবে বিচারকের এই রায়টি মূলত হোয়াইট হাউসের প্রেস পাসের সাথে সম্পর্কিত ছিল এবং এতে সরাসরি পুলের দায়িত্ব বা এয়ার ফোর্স ওয়ানের বিষয়টি উল্লেখ করা হয়নি।