ইয়েমেনের সরকারি বাহিনী দাবি করেছে, গত ২৪ ঘণ্টায় হুথি বিদ্রোহীদের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে ৭২৬টি হামলা চালানো হয়েছে। এসব হামলায় হুথিদের ১২১ জন যোদ্ধা ও কমান্ডার হতাহত হয়েছেন বলে জানিয়েছে সেনাবাহিনী।
তবে সরকারি বাহিনীর দেওয়া হতাহতের এই পরিসংখ্যান স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ইয়েমেনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবার বরাতে জানা গেছে, সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আল-নুজাইলি বলেছেন, ‘ডন অব ইয়েমেন’ অভিযানের অংশ হিসেবে এসব হামলা চালানো হয়।
তার দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে ২৩টি বিমান হামলা, ৬৪২টি গোলাবর্ষণ, ৩৫টি ড্রোন অভিযান এবং ২৬টি রকেট হামলা চালানো হয়েছে।
মাজেদ আল-নুজাইলি আরও দাবি করেন, এসব হামলায় হুথিদের ৮১টি সামরিক যান ও সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।
সরকারি বাহিনীর ভাষ্য, তারা হুথিদের আক্রমণ প্রতিহত করার পাশাপাশি তাদের ঘাঁটি ও সেনাদের লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে। তাইজ, মারিব, আল-জাওফ, লাহিজ, আল-দালে ও শাবওয়াসহ কয়েকটি রণাঙ্গনে লড়াই চলছে।
ইয়েমেনে তীব্র সংঘাতের মধ্যেই এই অভিযানের খবর এসেছে। একদিকে হুথিরা সৌদি আরবে হামলা চালিয়ে যাচ্ছে, অন্যদিকে তাদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে ইয়েমেনের সরকারি বাহিনী ও সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।
এর আগে শুক্রবার হুথি-সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলো দাবি করে, তাইজ প্রদেশের আল-তুরবাহ এলাকায় সৌদি জোটের বিমান হামলায় ১১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের বেশির ভাগই শিশু বলে জানানো হয়েছে।


