সৌদি আরবের মদিনায় অবস্থিত পবিত্র মসজিদে নববীতে গত সেপ্টেম্বরে ২ কোটি ১৬ লাখ ১৫ হাজার ৯৭৭ জন মুসল্লি ও দর্শনার্থীর সমাগম হয়েছে। দুই পবিত্র মসজিদের সেবা ও তত্ত্বাবধানবিষয়ক জেনারেল অথরিটি সম্প্রতি এক পরিসংখ্যানে এই তথ্য নিশ্চিত করেছে।
কর্তৃপক্ষের প্রকাশিত তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর মাসে ১৪ লাখ ৪৯ ৭৯১ জন দর্শনার্থী রওজা শরিফে নামাজ আদায় করার সুযোগ পেয়েছেন। একই সময়ে পথনির্দেশনা সেবা নিয়েছেন ৩ লাখ ৫৫ হাজার ১৩০ জন এবং অতিথি সেবাকেন্দ্র থেকে সেবা গ্রহণ করেছেন আরও ২ লাখ ৮৭ হাজার ৮৮৬ জন।
ইবাদত-বন্দেগির পাশাপাশি মসজিদে নববীর ঐতিহাসিক নিদর্শন এবং জ্ঞান অর্জনের সুযোগও কাজে লাগিয়েছেন অনেকে। গত মাসে মসজিদটির গ্রন্থাগার পরিদর্শন করেছেন ৮১ হাজার ২৪৩ জন। এ ছাড়া বিভিন্ন ধর্মীয় ও ঐতিহাসিক প্রদর্শনী ঘুরে দেখেছেন ১ লাখ ৩৭ হাজার ৮৬৭ জন দর্শনার্থী।
জেনারেল অথরিটি জানায়, বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষের সুবিধার্থে সেবা সহজ ও উন্নত করার নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। দর্শনার্থীদের আগমন সুশৃঙ্খল করা, প্রয়োজনীয় সহায়তা দেওয়া এবং শান্তিপূর্ণ পরিবেশে ইবাদতের সুযোগ নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।
সূত্র: সৌদি গেজেট

