এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নতুন নিরাপত্তা ব্যবস্থা হিসেবে পুলিশের বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বৃহস্পতিবার (২৫ জুন) বরিশাল শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ উপলক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভাটি বরিশাল শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত হয়।
মন্ত্রী বলেন, পরীক্ষার পরিবেশ শৃঙ্খলাপূর্ণ রাখতে পুলিশ সদস্যরা বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করবেন। পাশাপাশি প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক থাকবে, যাতে কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।
তিনি আরও জানান, প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে এবং এ ধরনের অপরাধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তার ভাষায়, “প্রশ্ন ফাঁস করলে এমন শাস্তি দেওয়া হবে, যা দেশবাসী দীর্ঘদিন মনে রাখবে।”
শিক্ষামন্ত্রী জোর দিয়ে বলেন, পরীক্ষা কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপনে কোনো ধরনের ব্যত্যয় করা যাবে না। প্রতিটি কেন্দ্রে একটি করে কন্ট্রোল রুম ও মনিটরিং ব্যবস্থা রাখতে হবে এবং সব ভিডিও সংরক্ষণ করতে হবে, যাতে পরবর্তীতে কোনো অভিযোগ উঠলে তা যাচাই করা সম্ভব হয়।
তিনি আরও বলেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে দক্ষ ও আধুনিক করতে দক্ষ শিক্ষক গড়ে তোলা জরুরি। এ লক্ষ্যে শিক্ষকদের জন্য প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করা হয়েছে। একই সঙ্গে তিনি শিক্ষকদের দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশালের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল ২ আসনের সংসদ সদস্য সারফুদ্দিন আহমেদ সান্টু, বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন উর রশিদ, বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুছ আলী সিদ্দিকী, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রুহুল আমিন এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান।


