...|...|...

শিক্ষা

এইচএসসি পরীক্ষা শুরুর ২২ মিনিট পর প্রশ্ন বিতরণ, এসিল্যান্ডকে স্ট্যান্ড রিলিজ

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, দুপুর ১২:১৯ | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, রাত ২:১১
Shares
এইচএসসি পরীক্ষা শুরুর ২২ মিনিট পর প্রশ্ন বিতরণ, এসিল্যান্ডকে স্ট্যান্ড রিলিজ

ছবি: সংগৃহীত

বগুড়ার গাবতলী উপজেলার সৈয়দ আহম্মদ কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র নির্ধারিত সময়ের ২২ মিনিট পর বিতরণের ঘটনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানাজ পারভীনকে প্রত্যাহার করা হয়েছে। তাকে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

একই ঘটনায় বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)কে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট কেন্দ্রসচিব ও গাবতলী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।

বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান জানান, পরীক্ষা শুরুর পর প্রশ্নপত্র বিতরণে বিলম্বের ঘটনায় তাৎক্ষণিকভাবে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে এসিল্যান্ড শাহানাজ পারভীনকে প্রত্যাহার করে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে এইচএসসির ভূগোল বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে পরীক্ষা শুরু হলেও সৈয়দ আহম্মদ কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীরা প্রশ্নপত্র পাননি। পরে সহকারী কমিশনার (ভূমি)-এর নির্দেশে পরীক্ষা শুরুর ২২ মিনিট পর পরীক্ষার্থীদের মধ্যে প্রশ্নপত্র বিতরণ করা হয়।

এ ঘটনায় পরীক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। পরীক্ষা শেষে তারা বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আনেন। পরে গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনার বিস্তারিত উল্লেখ করে জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন পাঠান।

এ বিষয়ে কেন্দ্রসচিব ও সৈয়দ আহম্মদ কলেজের অধ্যক্ষ মো. সাইদুজ্জামানের সাথে যোগাযোগ করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শামীম আরা চৌধুরী জানান, প্রশ্ন বিতরণে বিলম্বের ঘটনায় কেন্দ্রসচিবের দায়িত্ব পালনে ব্যর্থতার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষা বোর্ডের পক্ষ থেকেও আগামী রবিবার তদন্ত কমিটি গঠন করা হবে।

তিনি আরও জানান, তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করে প্রতিবেদন দেবে। প্রতিবেদনের ভিত্তিতে কেন্দ্রসচিবসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।