কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্যে স্তন ক্যানসার শনাক্তের বিশ্বের বৃহত্তম পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেছে যুক্তরাজ্য। দেশটির জাতীয় স্বাস্থ্যসেবা সংস্থা এনএইচএস জানিয়েছে, এই পরীক্ষায় অংশ নিতে প্রায় ৭ লাখ নারীকে আমন্ত্রণ জানানো শুরু হয়েছে।
বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) এক বিবৃতিতে এনএইচএস জানায়, তিন বছর মেয়াদি এই গবেষণায় স্তন ক্যানসার প্রাথমিক পর্যায়ে শনাক্তে কৃত্রিম বুদ্ধিমত্তা কতটা কার্যকর এবং এর মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকদের কাজের চাপ কমানো সম্ভব কি না, তা পরীক্ষা করা হবে।
গবেষণায় নিয়মিত ম্যামোগ্রাম পরীক্ষার মাধ্যমে সংগ্রহ করা স্তনের ছবি বিশ্লেষণে চিকিৎসকদের সহায়তা করবে এআই প্রযুক্তি। এর ফলে ক্যানসার শনাক্তের প্রক্রিয়া আরও কার্যকর করা সম্ভব কি না, তা যাচাই করা হবে।
যুক্তরাজ্য সরকার ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ অ্যান্ড কেয়ার রিসার্চের মাধ্যমে এই প্রকল্পে এক কোটি পাউন্ড অর্থায়ন করছে, যা প্রায় ১ কোটি ৩১ লাখ মার্কিন ডলারের সমান।
গবেষণাটি পরিচালনা করছে ইউনিভার্সিটি অব ওয়ারউইক, ইউনিভার্সিটি অব কেমব্রিজ এবং কেমব্রিজ ইউনিভার্সিটি হসপিটালস এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্ট। এতে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করছে এনএইচএস ইংল্যান্ড।
এনএইচএস ইংল্যান্ডের ক্যানসারবিষয়ক জাতীয় ক্লিনিক্যাল পরিচালক পিটার জনসন বলেন, প্রাথমিক পর্যায়ে স্তন ক্যানসার শনাক্ত করা এবং দেরিতে শনাক্ত হওয়ার মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে।
তিনি আরও বলেন, ক্যানসার নির্ণয়ের পদ্ধতিতে বড় পরিবর্তন আনার সম্ভাবনা রয়েছে এআই প্রযুক্তির। এর মাধ্যমে আরও বেশি ক্যানসার দ্রুত শনাক্ত করার পাশাপাশি চিকিৎসকদের গুরুত্বপূর্ণ চিকিৎসাসেবায় অতিরিক্ত সময় দেওয়ার সুযোগ তৈরি হতে পারে।


