...|...|...

বিশ্ব

ইন্ডিয়া জোটের বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ৬ মেট্রো স্টেশন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, বিকেল ৫:৩৩ | আপডেট: ১২ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:০৭
Shares
ইন্ডিয়া জোটের বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ৬ মেট্রো স্টেশন

ছবি: সংগৃহীত

ভারতের ভোটার তালিকায় ব্যাপক কারচুপির অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের উদ্দেশে বিরোধীদের মোর্চা ‘ইন্ডিয়া’ জোটের প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে রাজধানী দিল্লি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ছয়টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়ার পাশাপাশি বিভিন্ন সড়কে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুর দেড়টায় সংসদ মার্গ থেকে সুপ্রিম কোর্ট অভিমুখী এই প্রতিবাদ মিছিল শুরু হওয়ার কথা ছিল। এর আগে দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

তবে মিছিল শেষে ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্তের কাছে বিরোধী জোটের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়ার আবেদন করা হলেও তা খারিজ করে দিয়েছেন সর্বোচ্চ আদালত। বিচারাধীন বিষয় নিয়ে রাজনৈতিক নেতাদের সাথে সাক্ষাৎ করা অনুচিত হবে জানিয়ে আদালত আবেদনটি প্রত্যাখ্যান করেন।

স্মারকলিপি দিতে না পারলেও সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়গে। মিছিলের নেতৃত্ব দেওয়ার সময় দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে রাহুল একে ‘গণতন্ত্র ও ন্যায়বিচারের লড়াই’ বলে অভিহিত করেন এবং দেশবাসীকে আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানান।

বিক্ষোভ মিছিল ঘিরে মধ্য দিল্লি ও সুপ্রিম কোর্ট এলাকায় নজিরবিহীন নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে দিল্লি পুলিশ। কনট প্লেস ও যন্তর মন্তরসহ স্পর্শকাতর এলাকাগুলোতে অতিরিক্ত সদস্য মোতায়েনের পাশাপাশি বসানো হয়েছে ব্যারিকেড।

এদিকে রাজনৈতিক এই উত্তাপের মধ্যেই দিল্লিতে ভারী বৃষ্টি ও ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে তীব্র ঝড়ো হাওয়ার আশঙ্কায় ‘রেড অ্যালার্ট’ জারি করেছে ভারতের আবহাওয়া অধিদপ্তর। সব মিলিয়ে রাজধানীজুড়ে এক থমথমে পরিস্থিতি বিরাজ করছে।