...|...|...

খেলা

ইংল্যান্ড দলের অধিনায়কত্ব পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা খান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, সকাল ৯:৩৩
Shares
ইংল্যান্ড দলের অধিনায়কত্ব পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা খান

আনিসা খান। ছবি: সংগৃহীত

বাংলাদেশি বংশোদ্ভূত তরুণী আনিসা খান এবার ইংল্যান্ডের নারী কাবাডি দলের নেতৃত্ব দিতে যাচ্ছেন। ব্যবসায়ী হিসেবে পরিচিতি পাওয়ার পাশাপাশি কাবাডিতে তার এই অর্জন নতুন করে আলোচনায় এনেছে তাকে। কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ড দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। দলে রেইডার হিসেবে খেলবেন আনিসা।

২৩ অক্টোবর ভারতের আহমেদাবাদে শুরু হবে কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপ। প্রতিযোগিতায় ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক হিসেবে অংশ নিতে যাচ্ছেন আনিসা খান। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে নিজের এই দায়িত্ব পাওয়ার খবর জানিয়ে তিনি লিখেছেন, ‘আমাকে ইংল্যান্ড মহিলা কাবাডি দলের অধিনায়ক হিসাবে মনোনীত করা হয়েছে। কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে দলকে নেতৃত্ব দিতে আমি ভারতে যাচ্ছি।’

কাবাডির মাঠের বাইরেও নানা পরিচয় রয়েছে আনিসার। তিনি ‘বোম্বে পিৎসা’ নামের একটি পিৎজা প্রতিষ্ঠানের মালিক। ব্যবসা পরিচালনার পাশাপাশি খেলাধুলায় সক্রিয় থেকে নিজের বহুমুখী প্রতিভার পরিচয় দিয়েছেন এই ব্রিটিশ-বাংলাদেশি তরুণী।

আনিসার বাবা ইয়াওয়ার খান বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাড়ি জমান। সেখানে গিয়ে তিনি রেস্তোরাঁ ব্যবসা শুরু করেন। পারিবারিকভাবে ব্যবসার সাথে সম্পৃক্ততা থাকলেও আনিসা নিজের উদ্যোগে পিৎজা ব্যবসায় প্রতিষ্ঠিত হয়েছেন।

যুক্তরাজ্যে আনিসার পরিচিতি বাড়ে ২০২৫ সালে বিবিসি ওয়ানের জনপ্রিয় ব্যবসাভিত্তিক রিয়েলিটি অনুষ্ঠান ‘দ্য অ্যাপ্রেন্টিস’-এ অংশ নেওয়ার পর। ব্রিটিশ ব্যবসায়ী লর্ড অ্যালান সুগারের আড়াই লাখ পাউন্ডের ব্যবসায়িক বিনিয়োগ পাওয়ার প্রতিযোগিতায় অংশ নিয়ে রানারআপ হয়েছিলেন তিনি। সেই প্রতিযোগিতায় সাফল্যের পর এবার কাবাডির অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক মঞ্চে দায়িত্ব পালন করতে যাচ্ছেন আনিসা।

১৪টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এবারের কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপ। এশিয়া থেকে বাংলাদেশসহ ছয়টি দেশ এতে অংশ নেবে। আগামী ২৩ অক্টোবর শুরু হয়ে টুর্নামেন্ট চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। এ প্রতিযোগিতায় ইংল্যান্ডের নেতৃত্বে আনিসার পারফরম্যান্সের দিকে নজর থাকবে কাবাডিপ্রেমীদের।