রংপুর নগরীর একটি আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ দুই পুলিশ সদস্যকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ ঘটনায় করা মামলায় আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
আটক দুই পুলিশ সদস্য হলেন সিরাজগঞ্জের বেলকুচি থানার কোনাবাড়ি গ্রামের বাসিন্দা ওমর আলী এবং দিনাজপুরের বিরল উপজেলার মোহনপুর গ্রামের মিথুল ইসলাম।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকালে তাদের রংপুর মেট্রোপলিটন আদালতে হাজির করা হলে আদালত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার চ্যাটার্জি।
এর আগে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে নগরীর পায়রা চত্বর এলাকার স্কাই ভিউ হোটেলের একটি কক্ষ থেকে ওই দুই পুলিশ সদস্যকে আটক করে রংপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
অভিযানকালে হোটেলকক্ষের খাটের নিচে সিগারেটের প্যাকেটে রাখা ১৯টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এ ছাড়া ইয়াবা সেবনের পাইপ, চারটি গ্যাস লাইট ও দুটি ফয়েল পেপার জব্দ করা হয়। পরে আটক দুজনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের রংপুর কার্যালয়ের পরিদর্শক তাহামুদার রহমান বাদী হয়ে ওই দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ওমর আলী চাকরিরত অবস্থায় এর আগেও মাদকসহ গ্রেফতার হয়েছিলেন। বর্তমানে তিনি বরখাস্ত রয়েছেন। অপর আসামি মিথুল ইসলাম রংপুর পুলিশ লাইন্সে কনস্টেবল হিসেবে কর্মরত আছেন।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার চ্যাটার্জি বলেন, আদালত দুই আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

