...|...|...

জাতীয়

প্রধানমন্ত্রীকে এমপি মনিরুল

আপনাকে না জানালে এই দেশে কোনো কাজ হয় না, এটা আপনার দুর্ভাগ্য

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, রাত ১১:২৪
Shares
আপনাকে না জানালে এই দেশে কোনো কাজ হয় না, এটা আপনার দুর্ভাগ্য

জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর ক্ষোভ। ছবি: টাইমস টুডে

জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে ক্ষোভ ও হতাশার কথা তুলে ধরেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। তিনি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনি ছাড়া এই দেশে কারও কাছে কথা বলে কোনো লাভ হয় না। এটা আপনার দুর্ভাগ্য। 

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় তিনি কুমিল্লা ইপিজেডের বর্জ্যে পরিবেশদূষণ, গোমতী ও ডাকাতিয়া নদীর দূষণ এবং স্থানীয় মানুষের দুর্ভোগের বিষয়টি তুলে ধরেন। এ সমস্যা সমাধানে বিভিন্ন দফতরে একাধিকবার অভিযোগ দিয়েও কার্যকর প্রতিকার না পাওয়ার কথা জানান তিনি।

মনিরুল হক চৌধুরী বলেন, কুমিল্লা ইপিজেডের বর্জ্য পরিশোধন না করে স্থানীয় খালে ফেলা হচ্ছে। এতে কুমিল্লা থেকে নোয়াখালী পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলের পরিবেশ বিপর্যস্ত হচ্ছে। ওই এলাকার মানুষ কৃষিকাজ করতে পারছেন না, মাছ ও জলজ প্রাণীও কমে গেছে।

তিনি বলেন, পানিতে নামলে পা পচে যায়, কৃষি কাজ করতে পারে না। আমার কথা মিথ্যা হলে আমি সংসদ থেকে পদত্যাগ করব।

ইপিজেডের বর্জ্যদূষণ নিয়ে বিভিন্ন দফতরে ১৩টি প্রতিবেদন দেওয়া হয়েছে উল্লেখ করে এই সংসদ সদস্য বলেন, পরিবেশ অধিদফতর থেকে ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণের আদেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে পরিবেশ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট মন্ত্রীর কাছেও গিয়েছিলেন তিনি। তবে এখনো সমস্যার সমাধান হয়নি।

মনিরুল হক চৌধুরী অভিযোগ করেন, ইপিজেডের বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়মের কারণে স্থানীয় খাল ও নদীর পানি বিষাক্ত হয়ে পড়েছে। এর প্রভাব কুমিল্লা ছাড়িয়ে নোয়াখালীর বিভিন্ন এলাকাতেও ছড়িয়ে পড়ছে। তার দাবি, এ দূষণের কারণে প্রায় পাঁচ হাজার পরিবার ঘরছাড়া হয়েছে এবং এক লাখ মানুষ ক্যানসারে আক্রান্ত হয়েছেন।

তিনি আরও বলেন, ইপিজেডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে বিভিন্ন জটিলতার কথা বলা হচ্ছে। অথচ এ বিষয়ে হাইকোর্ট ও পরিবেশ আদালতের রায়ও রয়েছে। চার বছর আগে ক্ষতিগ্রস্ত ৫০০ মানুষকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়েও সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু তা বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ করেন তিনি।

প্রধানমন্ত্রীর উদ্দেশে এই সংসদ সদস্য বলেন, “আপনার কাছে এটাই চাই। আমরা ১৩টা রিপোর্ট করেছি।” তিনি সরেজমিনে দূষণের ভয়াবহতা পরিদর্শনের আহ্বান জানিয়ে বলেন, ওই খালের পাড়ে কেউ আধা ঘণ্টা অবস্থান করতে পারলে তিনি নিজের বক্তব্য প্রত্যাহার করবেন।

বক্তব্যের শেষ পর্যায়ে মনিরুল হক চৌধুরী বলেন, সব ব্যাপারে আপনাকে বলা ছাড়া আর কোনো সমাধানে এই জাতি পায় না। এটা আপনার দুর্ভাগ্য।

কুমিল্লা ও নোয়াখালীর নদী অঞ্চলের পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেন তিনি। পাশাপাশি ইপিজেডের বর্জ্য নিষ্কাশন বন্ধ করে দূষণ রোধে দ্রুত সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, এ বিষয়ে তার কাছে প্রয়োজনীয় কাগজপত্র ও প্রতিবেদন রয়েছে। প্রধানমন্ত্রী চাইলে সেগুলো উপস্থাপন করবেন।