নীলফামারীর ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে টিকিট বিক্রির অভিযোগ, হাতেনাতে ধরে সংশ্লিষ্টদের তাৎক্ষণিকভাবে সতর্ক করেছেন জেলা সিভিল সার্জন ডা. মো. আব্দুর রাজ্জাক। একই সাথে হাসপাতালে রোগীবান্ধব পরিবেশ ও চিকিৎসাসেবার মান নিশ্চিত করতে কঠোর নির্দেশ দিয়েছেন তিনি।
সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে সিভিল সার্জন সরেজমিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি পরিদর্শনে যান। পরিদর্শনকালে তিনি বহির্বিভাগ, জরুরি বিভাগ, আন্তঃবিভাগের পুরুষ ও মহিলা ওয়ার্ড, হাসপাতাল চত্বর এবং স্যানিটেশন ব্যবস্থা ঘুরে দেখেন। এ সময় তিনি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের সাথে সরাসরি কথা বলে সেবার মান, ওষুধ সরবরাহ, চিকিৎসকদের উপস্থিতি এবং সার্বিক সুযোগ-সুবিধার খোঁজখবর নেন।
পরিদর্শনকালে বহির্বিভাগে টিকিটের অতিরিক্ত মূল্য আদায়ের বিষয়টি ধরা পড়ার পাশাপাশি হাসপাতালের কয়েকটি স্থানে অপরিচ্ছন্ন পরিবেশ দেখে অসন্তোষ প্রকাশ করেন সিভিল সার্জন। হাসপাতালের সার্বিক পরিবেশ ও স্যানিটেশন ব্যবস্থার দ্রুত উন্নয়নে নির্দেশ দিয়ে তিনি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, রোগীদের সাথে মানবিক আচরণ করতে হবে এবং দায়িত্বশীলতার সাথে সরকারি সেবা নিশ্চিত করতে হবে। কোনো ধরনের অবহেলা বা অনিয়ম বরদাস্ত করা হবে না।
পরিদর্শন শেষে ডা. মো. আব্দুর রাজ্জাক জানান, আজকের পরিদর্শনে দেখা ঘাটতিগুলো দূর করতে সংশ্লিষ্টদের তাৎক্ষণিক নির্দেশনা দেওয়া হয়েছে। রোগীরা যাতে হয়রানিমুক্ত ও মানসম্মত সেবা পান, সেটিই তাদের প্রধান লক্ষ্য। খুব শিগ্গিরই আবারও আকস্মিক পরিদর্শন চালিয়ে এসব নির্দেশনার বাস্তবায়ন যাচাই করা হবে এবং কোনো অনিয়ম পেলে বিধি অনুযায়ী তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।


