...|...|...

আবহাওয়া

ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড় ‘কানি’, আঘাত হানতে পারে যেসব অঞ্চলে

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, রাত ১২:৪৩
Shares
ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড় ‘কানি’, আঘাত হানতে পারে যেসব অঞ্চলে

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। আগামী ২৯ নভেম্বর নাগাদ দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। পরবর্তী সময়ে এটি নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া দফতর (আইএমডি)। সম্ভাব্য ঘূর্ণিঝড়টির নাম হতে পারে ‘কানি’। নামটি প্রস্তাব করেছে মালদ্বীপ।

ভারতীয় আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২৯ নভেম্বর দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এটি ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বরের মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপে রূপ নিতে পারে।

পরবর্তী সময়ে ২ থেকে ৫ ডিসেম্বরের মধ্যে আবহাওয়াব্যবস্থাটি আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শেষ পর্যন্ত এটি ঘূর্ণিঝড় ‘কানি’-তে রূপ নেবে কি না, তা এখনো নিশ্চিত নয়। কয়েকটি আবহাওয়া মডেলের পূর্বাভাসে বলা হয়েছে, সাগরেই দুর্বল হয়ে যেতে পারে এই আবহাওয়াব্যবস্থা।

আবহাওয়াব্যবস্থাটি শক্তিশালী হলে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে শ্রীলঙ্কা ও ভারতের তামিলনাড়ু উপকূলের দিকে যেতে পারে। তবে আপাতত পশ্চিমবঙ্গ উপকূলে সরাসরি আঘাত হানার কোনো আশঙ্কা দেখছে না আবহাওয়াবিদরা।

এদিকে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে কলকাতার আলিপুর আবহাওয়া দফতর। পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল থেকে টানা দুই দিন দক্ষিণবঙ্গে দিন ও রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এতে শীতের অনুভূতি কিছুটা কমে আসবে।

কলকাতায় রাতের তাপমাত্রা ১৭ ডিগ্রি থেকে বেড়ে ১৯ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। অন্যদিকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি থেকে বেড়ে ২৮ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।

তবে এই উষ্ণতা দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা নেই। আগামী ৩ ডিসেম্বর থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা আবার কমতে শুরু করতে পারে। ৪ ডিসেম্বর নাগাদ শীতের আমেজ ফিরতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।