...|...|...

ঢাকা

মাদারীপুরে মাদ্রাসার পাশে হাতবোমা বিস্ফোরণ, আহত ৫

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, দুপুর ১:৩২ | আপডেট: ৩১ আগস্ট ২০২৬, রাত ১০:১৪
Shares
মাদারীপুরে মাদ্রাসার পাশে হাতবোমা বিস্ফোরণ, আহত ৫

মাদারীপুরে মাদ্রাসার পাশে হাতবোমা বিস্ফোরণ। ছবি: টাইমস টুডে

মাদারীপুরের কালকিনিতে একটি মহিলা মাদ্রাসার পাশে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) সকালে কালকিনি পৌর এলাকার গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসার পাশে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শনিবার সকালে মাদ্রাসার সাথে লাগোয়া ইমন সরদারের বসতঘরের সামনে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থী আহত হন। আহতদের মধ্যে আবিদা (৮), জান্নাত (৯), মিনহা (১০) ও মাইমুনা (৯) হয়েছে। আহত অপর শিক্ষার্থীর নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিস্ফোরণের পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আহতদের উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। গুরুতর আহতদের কয়েকজনকে মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার খবর পেয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরণের আলামত সংগ্রহের পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখছে।

গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসার মুহতামিম হাফিজুর রহমান বলেন, হঠাৎ মাদ্রাসার পাশে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে প্রায় পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছে।

কালকিনি থানার ওসি মো. জহিরুল আলম বলেন, মাদ্রাসার পাশে হাতবোমা বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। বিস্ফোরণের কারণ ও এর সাথে কারা জড়িত, তদন্তের পর তা জানা যাবে।